দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর বাংলাদেশের নতুন সরকারকে সমর্থন এবং দুই দেশের সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ প্রত্যয় জানান।
পোস্টে সানায়ে তাকাইচি বলেন, জাপান সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তিনি শীর্ষ পর্যায়ের বৈঠক করেছেন। গণতন্ত্র ও আইনের শাসনের মতো অভিন্ন মূল্যবোধে বিশ্বাসী বন্ধু হিসেবে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য সরাসরি অভিনন্দন জানাতে পেরে তিনি আনন্দিত।
জাপানের প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে গঠিত তারেক রহমানের সরকারের দেশ গঠনের উদ্যোগে জাপান জোরালো সমর্থন দিয়ে যাবে। এ বিষয়কে সামনে রেখে বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, অবাধ ও উন্মুক্ত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অংশীদার। দুই দেশের সহযোগিতার অন্যতম ভিত্তি বঙ্গোপসাগরীয় শিল্প প্রবৃদ্ধি অঞ্চল বা ‘বিগ-বি’ উদ্যোগকে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে তারা একমত হয়েছেন। তারেক রহমানের সঙ্গে নতুন কৌশলগত সহযোগিতা উদ্যোগ ‘সমৃদ্ধি ভাগাভাগির বিগ-বি’ নামে এটি এগিয়ে নেওয়ার বিষয়েও ঐকমত্য হয়েছে।
পোস্টে সানায়ে তাকাইচি আরও জানান, জাপানকে শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে এগিয়ে নেওয়া এবং বাংলাদেশের স্বাধীনতাকে দ্রুত স্বীকৃতি দেওয়ার বিষয়টি তারেক রহমান তুলে ধরেছেন। বাংলাদেশের মানুষের কাছে জাপানের বিশেষ অবস্থানের কথাও তিনি জানিয়েছেন। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে জাপান সরকার ও দেশটির জনগণের সহযোগিতা ও সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
জাপানের প্রধানমন্ত্রী বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়াকে সংযুক্ত করা বাংলাদেশ জাপানের অর্থনীতির জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৭ কোটি মানুষের তরুণ ও বৃহৎ বাজার হিসেবে বাংলাদেশের ব্যাপক সম্ভাবনা রয়েছে।
তিনি আরও বলেন, দুই দেশের কৌশলগত অংশীদারত্বের ভিত্তিতে বৈঠকে প্রকাশিত যৌথ ঘোষণাকে সামনে রেখে সরকারি ও বেসরকারি পর্যায়ে উভয় দেশের উদ্যোগ এগিয়ে নেওয়া হবে। এর মাধ্যমে দুই দেশ একসঙ্গে শক্তিশালী ও সমৃদ্ধ হয়ে উঠবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকারও করেছেন জাপানের প্রধানমন্ত্রী।
/অ